গ্র্যাচুইটি ও অন্যান্য আর্থিক পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের বিক্ষোভের কারণে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরের দুটি গুরুত্বপূর্ণ টার্মিনালের কার্যক্রম প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিকেলে আবারও স্বাভাবিক হয় বন্দরের কার্যক্রম।
সকাল ৮টা থেকে সাইফ পাওয়ারটেকের অধীনে কর্মরত শ্রমিকেরা নিউ মুরিং কনটেইনার টার্মিনাল ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনালে জাহাজ থেকে পণ্যবাহী কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দেন। এর ফলে বন্দর থেকে কনটেইনার সরবরাহও ব্যাহত হয়। এতে পণ্য খালাস ও পরিবহনের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদেরও সমস্যায় পড়তে হয়।
টার্মিনাল দুটির পরিচালনার দায়িত্ব পরিবর্তনের প্রস্তুতির মধ্যেই শ্রমিকদের এই আন্দোলন হলো। নিউ মুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকার চুক্তি করেছে। অন্যদিকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের দায়িত্ব সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনালকে দেওয়ার প্রক্রিয়াও এগোচ্ছে।
এদিকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ নভেম্বরের প্রথম সপ্তাহে শেষ হয়েছে। বর্তমানে টার্মিনালটির অন্তর্বর্তীকালীন পরিচালনার ব্যবস্থা করা হচ্ছে। নিউ মুরিং কনটেইনার টার্মিনালের আনুষ্ঠানিক দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের হলেও সেখানে মূল পরিচালন কার্যক্রম এখনো সাইফ পাওয়ারটেকই চালিয়ে যাচ্ছে।
পরিচালনার দায়িত্ব বদলে যাওয়ার প্রেক্ষাপটে সাইফ পাওয়ারটেকের শ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের চাকরিসংক্রান্ত সুবিধা ও পাওনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, গ্র্যাচুইটিসহ অন্যান্য বকেয়া পাওনা যথাসময়ে নিষ্পত্তি না-ও হতে পারে। এ কারণেই তাঁরা বিক্ষোভে নামেন।
চট্টগ্রাম বন্দরের জন্য টার্মিনাল দুটির গুরুত্বও অনেক। গত অর্থবছরে বন্দর দিয়ে পরিচালিত মোট কনটেইনার পরিবহনের ৫৮ শতাংশই এই দুটি টার্মিনালের মাধ্যমে হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, শ্রমিকেরা সকালে বিক্ষোভ করলেও তাঁদের সঙ্গে আলোচনা হওয়ার পর তাঁরা কাজে ফিরে যান। বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

