শুক্রবার (৬ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনের দক্ষিণ-পূর্বে জাপোরিঝঝিয়া অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।
ইউক্রেনের দক্ষিণ-পূর্বে জাপোরিঝঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ বলেন, হামলায় আহত ব্যক্তিদের মধ্যে ৪ ও ১১ বছর বয়সী দুই শিশুও আছে। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে কমপক্ষে দুজন নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ফেদোরভ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। এতে আগুন জ্বলতে ও রাস্তাজুড়ে স্থাপনার ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।
ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, রুশ হামলায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন শিশুও আছে। নিখোঁজ একজনকে উদ্ধারে তল্লাশি চলছে। টেলিগ্রামে দেওয়া পোস্টে সংস্থাটি বলেছে, হামলায় তিনতলা একটি ভবন, আরও কয়েকটি আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ভ্লাদিমির পুতিনের সাক্ষাৎ হওয়ার পরেই ইউক্রেনে অতর্কিত হামলা হলো।
ক্রিভি রিহ শহরটির অবস্থান দক্ষিণ ইউক্রেন থেকে প্রায় ৮০ কিলোমিটার (৫০ মাইল) দূরে। ২০২২ সালে ইউক্রেনযুদ্ধ শুরুর পর থেকে বেশ কয়েকবারই সেখানে রুশ বিমান হামলার ঘটনা ঘটেছে।

