কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির দ্রুত প্রসারের সঙ্গে সঙ্গে ডিজিটাল বিজ্ঞাপনের বাজারেও অবস্থান শক্ত করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এরই অংশ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের ৪৪টি দেশে চ্যাটজিপিটি অ্যাডস নামের বিজ্ঞাপনসেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য বৈশ্বিক ডিজিটাল মিডিয়া ও পেমেন্ট অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠান অ্যালেফের সঙ্গে একক পরিবেশক বা পুনর্বিক্রেতা অংশীদারত্বের চুক্তি করেছে ওপেনএআই। গত ১২ নভেম্বর স্পেনের মাদ্রিদ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই চুক্তির ফলে লাতিন আমেরিকা, ইউরোপ, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর স্থানীয় ব্র্যান্ড ও বিজ্ঞাপনী সংস্থা অ্যালেফের স্থানীয় কার্যালয়ের মাধ্যমে সরাসরি চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন দিতে পারবে। তালিকাভুক্ত ৪৪টি দেশের বিজ্ঞাপনদাতারা ওপেনএআইয়ের একক পুনর্বিক্রেতা হিসেবে অ্যালেফের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হতে পারবেন।
এর ফলে বিজ্ঞাপন প্রচারের জন্য আন্তর্জাতিক মুদ্রায় লেনদেন বা কারিগরি জটিলতার মুখে পড়তে হবে না। বিজ্ঞাপনদাতারা নিজ নিজ দেশের স্থানীয় মুদ্রায় বিল পরিশোধ করতে পারবেন। পাশাপাশি অ্যালেফের স্থানীয় দলের কাছ থেকে অনবোর্ডিংসহ প্রাথমিক ও কারিগরি সব ধরনের সহায়তা পাবেন। সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এই চুক্তি অ্যালেফের এআইভিত্তিক বিজ্ঞাপন ব্যবসাকে আরও সমৃদ্ধ করেছে এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে বৈশ্বিক এআই প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ার নতুন সুযোগ দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চ্যাটজিপিটি এমন একটি বিজ্ঞাপনী পরিবেশ তৈরি করেছে, যেখানে ব্যবহারকারীরা শুধু তথ্য খোঁজেন না, নতুন বিষয় জানতে, অনুসন্ধান করতে এবং কেনাকাটা বা সেবা নেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেও এই মাধ্যম ব্যবহার করেন। অ্যালেফের মতে, এই অংশীদারত্বের মূল লক্ষ্য উদীয়মান বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এআই যুগের অন্যতম জনপ্রিয় পণ্যের সঙ্গে সরাসরি যুক্ত করা। অ্যালেফের নিজস্ব পেমেন্ট অবকাঠামো ও স্থানীয় দক্ষ জনবলের সহায়তায় বিজ্ঞাপনদাতারা সহজেই চ্যাটজিপিটি অ্যাডস কিনতে ও পরিচালনা করতে পারবেন।
অ্যালেফের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গাস্তন তারাতুতা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে মানুষের সঙ্গে যুক্ত হওয়ার সম্পূর্ণ নতুন উপায় করে দিচ্ছে। এখন থেকে ৪৪টি বাজারের বিজ্ঞাপনদাতারা এমন একটি স্থানীয় দলের মাধ্যমে ওপেনএআইয়ের সঙ্গে কাজ করতে পারবেন, যারা তাঁদের নিজস্ব ভাষায় কথা বলে, স্থানীয় মুদ্রায় বিল নেয় এবং প্রয়োজনীয় ঋণসুবিধাও দেয়। তাঁর ভাষ্য, বৈশ্বিক প্রযুক্তিকে স্থানীয় প্রবৃদ্ধিতে রূপান্তর করাই অ্যালেফের মূল শক্তি।
চুক্তির আওতায় চারটি ভৌগোলিক অঞ্চলের মোট ৪৪টি বাজার অন্তর্ভুক্ত হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি বাজার হলো বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং ও শ্রীলঙ্কা। লাতিন আমেরিকার ১৪টি বাজার হলো আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডমিনিকান রিপাবলিক, ইকুয়েডর, এল সালভাদর, গুয়াতেমালা, পানামা, প্যারাগুয়ে, পেরু, পুয়ের্তো রিকো ও উরুগুয়ে। ইউরোপ ও মধ্য এশিয়ার ১৬টি বাজার হলো আজারবাইজান, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেকিয়া, এস্তোনিয়া, হাঙ্গেরি, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন ও উজবেকিস্তান। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ১০টি বাজার হলো মিসর, কেনিয়া, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।
অ্যালেফ বিশ্বের ১৩০টির বেশি দ্রুত বর্ধনশীল বাজারে মিডিয়া ও পেমেন্ট সমাধান দেওয়ার বৃহত্তম বৈশ্বিক অবকাঠামো পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির ২০ বছরের অভিজ্ঞতা রয়েছে এবং বিশ্বের ৫০টির বেশি শীর্ষস্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে তাদের অংশীদারত্ব আছে। বিশ্বজুড়ে ৯০টির বেশি কার্যালয়ের দলের মাধ্যমে তারা বৈশ্বিক পরিসরের সঙ্গে স্থানীয় বাস্তবায়নের সক্ষমতা মিলিয়েছে। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি ইউনেসকোর গ্লোবাল স্কিলস একাডেমি স্বীকৃত ‘ডিজিটাল অ্যাড এক্সপার্ট’ নামের শিক্ষা উদ্যোগের মাধ্যমে ডিজিটাল অন্তর্ভুক্তি বাড়াতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের জন্য এই সম্প্রসারণ গুরুত্বপূর্ণ। এত দিন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিতে গেলে ডলারে লেনদেন ও পেমেন্ট জটিলতা অনেক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য বড় বাধা ছিল। স্থানীয় মুদ্রায় বিল পরিশোধ ও স্থানীয় সহায়তা মিললে সেই বাধা কমতে পারে। তবে বাংলাদেশে চ্যাটজিপিটি ব্যবহারকারীর সংখ্যা, বিজ্ঞাপনের খরচ এবং এর কার্যকারিতা কেমন হবে, তা এখনো স্পষ্ট নয়। বিজ্ঞাপনদাতাদের আগ্রহ ও বাস্তব ফলাফলই ঠিক করে দেবে, এআইনির্ভর এই নতুন বিজ্ঞাপন মাধ্যম দেশের ডিজিটাল বিজ্ঞাপনের বাজারে কতটা জায়গা করে নিতে পারে।

