কাচের ছোট বোতলের ভেতর সবুজ এক টুকরো উদ্ভিদ-কোষ। দেখতে সাধারণ গবেষণা-নমুনার মতো হলেও সেখান থেকেই তৈরি হচ্ছে হাজার হাজার রোগমুক্ত চারা। টিস্যু কালচার নামের এই প্রযুক্তিতে দেশেই এখন উৎপাদিত হচ্ছে কলা, আনারস, স্ট্রবেরি, ড্রাগন, পেঁপে, স্টেভিয়া, অর্কিড, লিলিয়াম ও জারবেরার চারা। এসব চারার জন্য আগে ভারত ও থাইল্যান্ডসহ নানা দেশের ওপর নির্ভর করতে হতো। এখন কম দামে মান-সম্পন্ন চারা হাতের কাছে পাচ্ছেন কৃষক। বিশেষজ্ঞদের মতে, বাণিজ্যিক কৃষিতে এটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ প্রযুক্তি ব্যাপকভাবে কাজে লাগানো হচ্ছে, বাংলাদেশও সেদিকেই এগোচ্ছে। রোগমুক্ত চারা তৈরি ও ফলন বাড়াতে এর ব্যবহার আরও বাড়ানো দরকার বলে মনে করেন তিনি। তার ভাষ্য, অল্প জায়গায় লাখ লাখ রোগমুক্ত চারা তৈরির ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই।
বর্তমানে দেশে জি-৯ জাতের কলা ও এমডি-২ জাতের আনারসসহ বিভিন্ন উচ্চমূল্যের ফল ও ফুলের চারা এ পদ্ধতিতে তৈরি হচ্ছে। সম্প্রতি মাদারীপুরের ল্যাবে দেখা গেছে, অ্যাপ্রন ও মাস্ক পরে বিজ্ঞানীরা জীবাণুমুক্ত পরিবেশে সারি সারি বোতলের পরিচর্যা করছেন। ল্যাবের দায়িত্বে থাকা কৃষিবিদ মো. এনামুল ইসলাম জানান, বাছাই করা মাতৃগাছ থেকে টিস্যু নিয়ে বিশেষ পুষ্টিমাধ্যমে রাখা হয়। কয়েক দফা কোষ বিভাজনের পর একটি টিস্যু থেকেই হাজার হাজার চারা পাওয়া যায়, যা পরে কৃষকের কাছে পৌঁছে দেওয়া হয়।
মাদারীপুর হর্টিকালচার সেন্টার ২০২৫-২৬ অর্থবছরে দুই লাখ তিন হাজারের বেশি চারা বিক্রি করেছে, যা দেশের কেন্দ্রগুলোর মধ্যে সর্বোচ্চ। এতে সরকারের আয় হয়েছে ৫২ লাখ ৩৩ হাজার টাকা। কেন্দ্রের প্রধান আশুতোষ কুমার বিশ্বাস জানান, শুধু ফলের চারায় আয় সীমিত থাকে বলে ফুল ও শোভাবর্ধক গাছের চারা উৎপাদনও বাড়ানো হয়েছে। এখানকার লিলিয়ামের চারা এখন পঞ্চগড় পর্যন্ত যাচ্ছে।
মাঠে এর প্রভাব দেখা যাচ্ছে ফলনে। কালকিনি উপজেলার কৃষক আবদুল কাদের দেড় বিঘা জমিতে জি-৯ কলার বাগান করেছেন। তার ভাষ্য, প্রতিটি ছড়ায় ২৫০ থেকে ৩০০টি কলা ধরছে, অথচ দেশি জাতের ছড়ায় সাধারণত ১৩০ থেকে ১৬০টি। চারার দাম পড়েছে ৩০ থেকে ৪০ টাকা। ছড়া এতটাই ভারী যে বাঁশে ঝুলিয়ে কাঁধে বইতে হয়। এ সাফল্য দেখে আশপাশের কৃষকেরাও এখন এ জাত চাষে আগ্রহ দেখাচ্ছেন।
উদ্যোক্তাদের মধ্যেও আগ্রহ বাড়ছে। বগুড়ার শাজাহানপুরে ‘গ্রিন ওয়ান’ নামে প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন মো. রেজওয়ানুল ইসলাম। প্রায় দেড় হাজার জারবেরা গাছ লাগাতে তাঁর খরচ হয়েছে ৪২ হাজার টাকা। এখন সপ্তাহে ১২ থেকে ১৫ হাজার টাকার ফুল বিক্রি করছেন তিনি। রেজওয়ানুলের হিসাবে, দেশি চারা মিলছে ৩৫ টাকায়, আর ভারত থেকে আনলে প্রতিটির দাম পড়ত ৬০ টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এখন মাদারীপুর, বগুড়া ও ময়মনসিংহে তিনটি ল্যাব চালু আছে। আরও আটটি জেলায় নতুন ল্যাব বানানোর কাজ চলছে। প্রতিটি ল্যাবের বার্ষিক উৎপাদনক্ষমতা ১০ থেকে ১২ লাখ চারা। সব ল্যাব পুরোদমে চালু হলে বছরে প্রায় এক কোটি রোগমুক্ত চারা পাওয়া যাবে। গত এক বছরে তিন ল্যাবে ২ লাখ ১২ হাজার চারা উৎপাদিত হয়েছে, এর প্রায় ১ লাখ ৯৩ হাজার সরবরাহ করা হয়েছে কৃষক ও উদ্যোক্তাদের। জি-৯ কলা, জারবেরা ও স্ট্রবেরির চারার চাহিদা সবচেয়ে বেশি।
প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাসরুর বলেন, মাতৃগাছের গুণাগুণ অক্ষুণ্ন রেখে রোগমুক্ত চারা তৈরি করা যায়, এটাই এ প্রযুক্তির বড় সুবিধা। এতে বিদেশি চারার ওপর নির্ভরতা কমছে, কৃষকের খরচও কমছে। নতুন জাতের চারা উদ্ভাবনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা চলছে বলেও জানান তিনি।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হর্টিকালচার সেন্টার আছে ৭৬টি। চারা বিক্রিতে মাদারীপুরের পরেই আছে আমের চারায় চাঁপাইনবাবগঞ্জ, কুলের চারায় পাবনা, লিচুর চারায় দিনাজপুর এবং নারিকেল ও আমড়ার চারায় বরিশাল। ঢাকা অঞ্চলে সবচেয়ে বেশি চারা বিক্রি হয় গাজীপুর কেন্দ্র থেকে। ২০২৫-২৬ অর্থবছরে সব কেন্দ্র মিলিয়ে চারা বিক্রি থেকে সরকারের আয় হয়েছে ৭ কোটি ৩৭ লাখ টাকা, আগের অর্থবছরে যা ছিল ৭ কোটি টাকা।
সূত্র: প্রথম আলো

