সার, সেচ, জ্বালানি ও শ্রমের দাম বাড়ায় এবার রবি মৌসুমে দেশজুড়ে চাষাবাদ কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন কৃষকেরা। এতে দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তা ও আমদানিনির্ভরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিস্তীর্ণ সবজিখেত থেকে শুরু করে ফরিদপুরের কৃষিঅঞ্চল পর্যন্ত চাষিরা বলছেন, উপকরণের দাম বাড়তে থাকায় কৃষিকাজ ক্রমেই লোকসানি হয়ে উঠছে।
সবচেয়ে বেশি চাপে আছেন বর্গাচাষিরা। উৎপাদনের পুরো খরচ তাদের নিজেদেরই বহন করতে হয়, আবার ফসলের একটি নির্ধারিত অংশ জমির মালিকের হাতে তুলে দিতে হয়। এই দুই চাপে অনেকেই বর্গা নেওয়া জমি পুরোপুরি ছেড়ে দিচ্ছেন।
শিবগঞ্জের চাষি শাকিল জানান, গত মৌসুমে প্রতি বিঘায় ফুলকপি চাষে তার খরচ হয়েছিল ১৫ হাজার টাকা পর্যন্ত। এবার তা ২০ হাজার টাকায় পৌঁছাতে পারে। এলাকাটির কৃষকদের মতে, জমি তৈরির খরচ বেড়েছে ৫০ শতাংশেরও বেশি, আর দৈনিক শ্রমিকের মজুরি ৫০০ টাকা থেকে বেড়ে ৭০০ টাকা হয়েছে। সংসারের খরচও বাড়ছে, ফলে চাষাবাদ করে পরিবার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
একই এলাকার বর্গাচাষি আজিজ নিজের দুই বিঘা জমির পাশাপাশি সাড়ে চার বিঘা জমি বর্গা নিয়ে চাষ করতেন। উপকরণের বাড়তি খরচের কারণে তিনি বর্গা নেওয়া জমি পুরোপুরি ছেড়ে দিয়েছেন।
শুধু বর্গাচাষিরা নন, নিজের জমিতে চাষ করা কৃষকেরাও আর্থিক চাপে পড়েছেন। মানিকগঞ্জের নাসির এবার আগের মতোই দেড় একর জমিতে ভুট্টা চাষের পরিকল্পনা করছেন। তবে তার আশঙ্কা, খরচ অন্তত ২০ শতাংশ বাড়বে। তার প্রয়োজন ২০ বস্তা সার, কিন্তু সরকারি ডিলারদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পাঁচ বস্তা। বাকি সারের জন্য তাকে খোলাবাজারে যেতে হচ্ছে, যেখানে ইউরিয়া ও টিএসপি সারের বস্তা কিনতে হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায়। অথচ ডিলারদের কাছে ভর্তুকি মূল্যে এর দাম ১ হাজার ৩৫০ টাকা। এর মধ্যে দৈনিক কৃষিশ্রমিকের মজুরি ৮০০ থেকে ৯০০ টাকায় উঠতে পারে বলেও পূর্বাভাস রয়েছে।
উত্তরাঞ্চলের কৃষকেরাও একই সংকটের কথা জানিয়েছেন। সেখানকার কৃষক অনিল চন্দ্র রায় সাড়ে পাঁচ বিঘা জমিতে ধান ও অন্যান্য ফসল চাষ করেন।
তবে সরকারি কর্মকর্তারা ভিন্ন চিত্র তুলে ধরছেন। তাদের দাবি, দেশে চাষাবাদের তীব্রতা বাড়ছে। একই সঙ্গে তারা সারের কোনো সংকট থাকার কথা অস্বীকার করেছেন।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

