চলতি আমন মৌসুমে সরকারের ঠিক করা ধান ও চালের সংগ্রহমূল্য পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ২৯ জন বিশিষ্ট নাগরিক। তাদের অভিযোগ, কৃষকদের সঙ্গে কোনো পরামর্শ না করেই একতরফাভাবে এ দাম ঠিক করা হয়েছে, যা বাজারে প্রচলিত দামের চেয়েও কম। ফলে উৎপাদন খরচ বাড়া সত্ত্বেও কৃষকেরা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হবেন বলে তারা মনে করেন।
গত ৮ নভেম্বর সরকার চলতি মৌসুমে মোট সাড়ে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঘোষণা করে। এর মধ্যে কৃষকদের কাছ থেকে সরাসরি প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ টন সেদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে।
নাগরিকেরা জানান, গত বছরের তুলনায় ধানের সংগ্রহমূল্য কেজিপ্রতি ১ টাকা বাড়ানো হলেও সেদ্ধ ও আতপ চালের দাম ১ টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। অথচ এ সময়ে সার, ডিজেল ও সেচের খরচ বেড়েছে, সারের সংকটও দেখা দিয়েছে। সব মিলিয়ে কৃষকের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে, কিন্তু দাম নির্ধারণের সময় এসব বিষয় বিবেচনায় নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ।

