এক-এগারোর সময়ের আলোচিত সামরিক কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ডিএমপির ডিবি প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে বর্তমানে প্রায় পাঁচটি মামলা রয়েছে। তার নেতৃত্বেই এই অভিযান পরিচালিত হয়।
২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের সময় মাসুদ উদ্দিন চৌধুরী ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সে সময় তিনি সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এক-এগারো পরবর্তী পরিস্থিতি গঠনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
পরবর্তীতে তাকে ‘গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’র সমন্বয়ক করা হয়। এই কমিটির অধীনেই তৎকালীন সময়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযান চালানো হয়। দায়িত্ব পালনকালে তিনি লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন।
২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে তার চাকরির মেয়াদ তিন দফায় বাড়ানো হয়।
সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত হন। ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি ঢাকায় রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন তিনি।

