ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অবিলম্বে মহানগরের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা সম্প্রসারণ করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। আগামী ১ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, কারাদণ্ড এবং অবৈধ মালামাল বাজেয়াপ্তের ব্যবস্থা শুরু হবে।
ডিএমপি গতকাল সোমবার (২৩ মার্চ) জানায়, বিভিন্ন এলাকায় রেস্তোরাঁ, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং শপ, আসবাবপত্র ও পোশাকের দোকানগুলো ফুটপাত ও সড়কের ওপর অবৈধ সম্প্রসারণ করছে। এতে পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে, যানজট বাড়ছে এবং জননিরাপত্তা বিপন্ন হচ্ছে। অনেক ক্ষেত্রে রেস্তোরাঁর রান্নার সরঞ্জাম, ওয়ার্কশপের যন্ত্রপাতি ও শোরুমের মালামাল সরাসরি ফুটপাতের ওপর রাখা হয়েছে।
ডিএমপি অনুরোধ করেছে, সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দ্রুত এসব অবৈধ বস্তু সরিয়ে নেন। অন্যথায়, ডিএমপির বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারাদণ্ড, অর্থদণ্ড এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মালামাল বাজেয়াপ্ত করা হবে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সব ব্যবসায়ী ও সাধারণ নাগরিককে জনস্বার্থে সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন।

