স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের সময় জুলাইয়ের জনগণের আকাঙ্ক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) সংসদে গঠিত বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি বিষয়টি আমরা গ্রহণ করব। এছাড়া পূর্ববর্তী সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ বা অন্যান্য সিদ্ধান্তের বিষয়েও আলোচনা হবে। সব বিষয় যথাযথভাবে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই প্রক্রিয়ায় কোনো বিষয়ই অগোছালো বা অবৈধভাবে নেয়া হবে না। পূর্বে জামায়াতে ইসলামের সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানিয়েছিলেন, সংবিধান ও জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে কোনো অধ্যাদেশে তাদের দল সুপারিশ দেবে না।
উল্লেখ্য, সংসদ অধিবেশনের প্রথম দিনেই ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য ১৪ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান জয়নাল আবদিন। মঙ্গলবার ছিল এই কমিটির প্রথম বৈঠক।

