দেশের আকাশসীমা ও নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় এবং নিজস্ব প্রযুক্তিতে গবেষণা চালানোর জন্য সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান আজ মঙ্গলবার (২৪ মার্চ) এই নোটিশটি মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠান। নোটিশে বলা হয়েছে, প্রতিরক্ষা খাতে প্রতিবার বড় অঙ্কের বাজেট বরাদ্দ করা হয়। সেই পরিমাণ অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং জনগণের প্রশ্ন করার অধিকার রয়েছে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে, আধুনিক যুদ্ধের ধরন পরিবর্তিত হয়েছে। স্থল যুদ্ধের তুলনায় মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি অনেক বেশি। দেশ বর্তমানে একটি পূর্ণাঙ্গ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভাবে ভুগছে। এ পরিস্থিতিতে কোনো আঞ্চলিক সংঘাত বা বিদেশি হামলার ক্ষেত্রে শুধু সামরিক স্থাপনা নয়, সাধারণ মানুষও বড় ঝুঁকির মুখে পড়তে পারে।
নোটিশে আঞ্চলিক পরিস্থিতি ও প্রতিবেশী দেশগুলোর সামরিক সক্ষমতার কথাও তুলে ধরা হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ভারত ইতিমধ্যেই রাশিয়ার অত্যাধুনিক এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশকে মার্কিন প্যাট্রিয়ট বা সমমানের চীনা প্রতিরক্ষা ব্যবস্থা আনার পাশাপাশি নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনের জন্য গবেষণা কার্যক্রম শুরু করা জরুরি।
আইনজীবী নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, নাগরিকের জীবন এবং আইনের আশ্রয় পাওয়ার অধিকার রক্ষার দায়িত্ব সরকারের। আকাশসীমা নিরাপত্তাহীন রাখা জনগণের মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে গণ্য হবে। নোটিশে বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না হলে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হবে।

