বাংলাদেশে জেট ফুয়েলের দাম একযোগে প্রায় ৮০ শতাংশ বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন মূল্য ঘোষণা করে।
দর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার জন্য আজই (মঙ্গলবার) জরুরি সভা বসে বিইআরসি। এতে অংশ নেন পদ্মা অয়েল, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এবং বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শেষে জানা যায়, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েলের দাম লিটার প্রতি ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটার দাম বৃদ্ধি পেয়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা, যা প্রায় ৮০ শতাংশ।
আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। লিটার প্রতি দাম ০.৭৩৮৪ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১.৩২১৬ ডলার হয়েছে। এতে দর বৃদ্ধির হার দাঁড়িয়েছে প্রায় ৭৯ শতাংশ। সভায় উপস্থিত একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, নতুন এই দাম ২৫ মার্চ মধ্যরাত থেকে কার্যকর হবে।

