স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, রাজধানীতে অননুমোদিত ও মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এমন সব প্রতিষ্ঠান নিয়ে মন্ত্রণালয় শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করবে।
মন্ত্রী আজ মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ঈদের ছুটি শেষ হতেই রাজধানীর বেসরকারি ক্লিনিকগুলোতে পরিদর্শন এবং সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। তিনি জানান, স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। অনিয়ম দূর করতে ধাপে ধাপে কার্যক্রম চালানো হবে।
পরিদর্শন কার্যক্রমে আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত বিভিন্ন এলাকার ক্লিনিক তদারকি করা হবে। এর পর পর্যায়ক্রমে সারা দেশে এ ধরনের অভিযান সম্প্রসারণ করা হবে। মন্ত্রী আরও বলেন, বেসরকারি ক্লিনিকগুলোকে অবশ্যই তাদের লাইসেন্স অনুযায়ী নিয়মিত ও মানসম্মত সেবা দিতে হবে।
চলতি বছরের ঈদুল ফিতরের উদযাপনকে মন্ত্রী উল্লেখযোগ্য শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক বলে অভিহিত করেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকায় সাধারণ মানুষ সহজে ঈদ উদযাপন করতে পেরেছে। তবে তিনি কিছু সড়ক দুর্ঘটনা এবং ট্রেন ও বাসে বাড়তি ভাড়া নেওয়ার বিচ্ছিন্ন ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেন। সবমিলিয়ে এবারের ঈদযাত্রা ও উৎসবের পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন।

