দেশের সব সরকারি ও বেসরকারি মাদ্রাসায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই পদক্ষেপ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেছে।
অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি মাদ্রাসা সব পর্যায়ে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর মধ্যে রয়েছে শেয়ার্ড ট্রান্সপোর্ট ব্যবহার নিশ্চিত করা, অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখা এবং এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত রাখা।
সরকারি যানবাহনে এসির ব্যবহার সীমিত করা এবং সরকারি কার্যক্রমে অপ্রয়োজনীয় প্রটোকল কমানোও নির্দেশনার অংশ। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর দেশজুড়ে সব সরকারি মাদ্রাসা, বিএমটিটিআই এবং বেসরকারি মাদ্রাসার প্রধান, সুপার ও এবতেদায়ী প্রধানদের এই নির্দেশ কার্যকর করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরও তাদের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে এই নীতিমালা অনুসরণ নিশ্চিত করতে বলা হয়েছে।

