পাকিস্তানের শীর্ষ বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি ব্যাংক আলফালাহ লিমিটেড বাংলাদেশে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কার্যক্রম ঢাকার বেসরকারি খাতের ব্যাংক এশিয়া লিমিটেডের কাছে প্রায় ৪৭.৫ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করা হবে।
ব্যাংক আলফালাহর শেয়ারহোল্ডাররা তাদের ৭৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই প্রস্তাব অনুমোদন করেছেন। সভার সিদ্ধান্ত পাকিস্তান স্টক এক্সচেঞ্জে জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে ব্যাংকটির কার্যক্রম ব্যাংক এশিয়ার কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, এই বিক্রির ভিত্তিমূল্য ধরা হয়েছে প্রায় ৫৮০ কোটি টাকা, যা বর্তমান বিনিময় হারে প্রায় ৪ কোটি ৭৫ লাখ ডলারের সমান। তবে চূড়ান্ত মূল্য নির্ধারণের ক্ষেত্রে একীভূতকরণের সময় কিছু সমন্বয় করা হতে পারে। এই লেনদেন সম্পন্ন হতে হলে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রয়োজন হবে। এর মধ্যে রয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং উভয় দেশের অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্যাংক এশিয়া ১৯৯৯ সালে যাত্রা শুরু করে এবং পরবর্তীতে বিদেশি ব্যাংকের স্থানীয় কার্যক্রম অধিগ্রহণের মাধ্যমে নিজেদের বিস্তার ঘটায়। বিশেষ করে স্কোটিয়া ব্যাংক ও মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশি শাখা কিনে নিয়ে তারা বাজারে অবস্থান শক্তিশালী করে।
অন্যদিকে ব্যাংক আলফালাহ পাকিস্তানে ব্যাপক নেটওয়ার্ক পরিচালনা করে। দেশটির ২০০টির বেশি শহরে তাদের এক হাজারেরও বেশি শাখা রয়েছে। পাশাপাশি আফগানিস্তান, বাংলাদেশ, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও তাদের কার্যক্রম রয়েছে। উল্লেখ্য চলতি বছরের শুরুতেই আফগানিস্তানে নিজেদের বিনিয়োগ প্রত্যাহারের উদ্যোগ নেয় ব্যাংক আলফালাহ। সেখানে স্থানীয় একটি ব্যাংকের মাধ্যমে কার্যক্রম হস্তান্তরের প্রক্রিয়াও এগোচ্ছে।

