নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আজ কর্মদিবস শুরুতেই সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কিছু আইন কর্মকর্তা নোট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। “তদন্ত শেষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে আজ নিজের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন ব্যারিস্টার কাজল। সকাল ১১টার দিকে তিনি সিনিয়র আইনজীবীদের সঙ্গে দোয়া-মোনাজাতের মাধ্যমে তার নতুন কার্যক্রমের সূচনা করেন। এ সময় সিনিয়র আইনজীবীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল, সিনিয়র আইনজীবী ও সংসদ সদস্য ফজলুল রহমান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা এবং মোহাম্মদ অনীক আর হক। উল্লেখ্য, গত বুধবার রাষ্ট্রপতি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

