মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ডিজিএফআইয়ের সাবেক দুই মহাপরিচালককে আগামী ৭ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা পৃথক মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার (২৯ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালত আগামী ৭ এপ্রিল তাদের হাজিরের তারিখ নির্ধারণ করেছেন।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম শুনানিতে জানান, শেখ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ রয়েছে। অন্যদিকে, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনীতে সংঘটিত জুলাইয়ের হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তিনি এ দুই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করেন এবং পরবর্তী শুনানির জন্য সময় চান। শুনানি শেষে আদালত তাদের হাজিরের নির্দেশ দেন এবং নির্ধারিত তারিখে পরবর্তী কার্যক্রমের জন্য দিন ধার্য করেন।
এদিকে, সকালে রাষ্ট্রপক্ষ এই দুই সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানোর আবেদনও করে। এর পরিপ্রেক্ষিতে আদালত তাদের ট্রাইব্যুনালে আনার নির্দেশ দেন। উল্লেখ্য, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। একই সময়ে অন্য একটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ডে নেওয়া হয়েছে।

