দেশের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। আজ রবিবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দায়িত্ব পালন করছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহীর নতুন ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলাম। চুয়াডাঙ্গার দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার। খুলনার জেলা প্রশাসক হয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাত। মাদারীপুরে নিয়োগ দেওয়া হয়েছে অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে। ব্রাহ্মণবাড়িয়ার নতুন ডিসি হয়েছেন সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদ। চাঁদপুরে দায়িত্ব পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমান।
হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজ। নরসিংদীতে দায়িত্ব পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়া। মেহেরপুরের নতুন ডিসি হয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়।
লালমনিরহাটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব মুহ. রাশেদুল হক প্রধান। আর বান্দরবানের দায়িত্ব দেওয়া হয়েছে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।

