বাংলাদেশে সামাজিক সুরক্ষা কার্যক্রম জোরদারে সহযোগিতা বাড়াতে বিশ্ব ব্যাংক -এর প্রতিনিধিদল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছে। আজ রবিবার (২৯ মার্চ ২০২৬) ঢাকায় মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির বিভাগীয় পরিচালক জঁ পেম।
আলোচনায় মন্ত্রী জানান, সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ ইতোমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে। এ পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারকে এই কার্ড দেওয়া হয়েছে, যেখানে পরিবারপ্রধান হিসেবে নারীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব পরিবার মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে। তিনি আরও বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের সব পরিবারের জন্য এই কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এতে নারীদের স্বীকৃতি ও সামাজিক মর্যাদা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্বব্যাংকের প্রতিনিধি জঁ পেম এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নারীর নামে সহায়তা প্রদান সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি এ কর্মসূচি বাস্তবায়নে সংস্থাটির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। বৈঠকে উভয় পক্ষ সামাজিক সুরক্ষা ও সুশাসন নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়। এছাড়া ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে টেকসইভাবে বাস্তবায়নের দিকেও গুরুত্ব দেওয়া হয়।

