এম এস রহমান, পাবনা প্রতিবেদক—
১৫ দিন ধরে উপাচার্য শুন্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এতে দেখা দিয়েছে নানা সংকট। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন আটকে আছে উপাচার্যের স্বাক্ষরের জন্য। এমন পরিস্থিতিতে নিজস্ব ক্যাম্পাস থেকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারিদের আয়োজনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাহির থেকে উপাচার্য নিয়োগ দিয়ে আসছে। এই বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী দেশ ও বিদেশে শিক্ষকতা করছে। তারপরেও এই বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে পারেননি। এদিকে গত ১৫ মার্চ থেকে উপাচার্য শুন্য বিশ্ববিদ্যালয়। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন আটকে আছে উপাচার্যের স্বাক্ষরের অভাবে। এছাড়াও নানা সমস্যায় পড়তে হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এমন পরিস্থিতিতে নিজস্ব ক্যাম্পাস থেকে দ্রুত উপাচার্য নিয়োগের জন্য সরকারের কাছে জোর দাবি জানান তাঁরা।
বক্তব্য দেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর ফজলুল হক, লাইফ অ্যান্ড আর্থ সাইন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডঃ মুহাম্মদ নাজমুল ইসলাম, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ মীর খালেদ ইকবাল চৌধুরী, ইতিহাস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. খায়রুল আলম।

