দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর করতে অতিরিক্ত অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে এই বরাদ্দ যুক্ত করা হয়েছে, যা স্কুলগুলোর বিভিন্ন জরুরি খাতে ব্যয় করা হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক আদেশে জানিয়েছে, এই অর্থ প্রশাসনিক খরচ, অবকাঠামো সংস্কার, প্রয়োজনীয় সরঞ্জাম কেনা এবং পূর্বের বকেয়া পরিশোধে ব্যবহার করা যাবে। বিশেষ করে ২০২২–২৩, ২০২৩–২৪ এবং ২০২৪–২৫ অর্থবছরের অনাদায়ী পাওনা এই বরাদ্দের আওতায় মেটানোর সুযোগ থাকবে।
ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে—প্রশাসনিক ব্যয়, জ্বালানি (পেট্রল, তেল ও লুব্রিকেন্ট), ভ্রমণ ও বদলি ভাতা, মুদ্রণ ও স্টেশনারি, সাধারণ সরবরাহ সামগ্রী এবং যন্ত্রপাতি ক্রয়।এছাড়া নতুন করে সরকারি হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা উত্তোলনের ক্ষেত্রে মাউশির পূর্বানুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছুটি ব্যবস্থাপনায়ও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। অধীনস্থ কর্মীদের ছুটি প্রতিষ্ঠান প্রধান অনুমোদন করবেন, আর প্রতিষ্ঠান প্রধানদের ছুটি অনুমোদন দেবে সংশ্লিষ্ট অধিদপ্তর।
অর্থ ব্যয়ের ক্ষেত্রে সব সরকারি নিয়ম-কানুন মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট কর্মকর্তা বা প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগতভাবে দায় বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছে। এদিকে, বরাদ্দকৃত অর্থের কোনো অংশ অব্যবহৃত থাকলে তা আগামী ৩০ জুন ২০২৬-এর মধ্যে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

