নতুন সরকারের অধীনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর প্রথম বৈঠকে আটটি উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে মোট ১৯টি প্রকল্প এজেন্ডায় থাকলেও সবগুলো শেষ না হওয়ায় পরবর্তী সভায় বাকি বিষয়গুলো উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন একনেকের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি বিএনপি সরকার গঠনের পর প্রথম একনেক সভা।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, নির্ধারিত ১৯টি প্রকল্পের মধ্যে আটটি প্রকল্প নিয়ে এদিন আলোচনা হয়। সময় স্বল্পতার কারণে পুরো এজেন্ডা শেষ করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, আলোচিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি অনুমোদন পেয়েছে। বাকি দুটি প্রকল্প আপাতত স্থগিত রাখা হয়েছে।
সরকারি সূত্র অনুযায়ী, সভায় উন্নয়ন পরিকল্পনার অগ্রাধিকার, বাস্তবায়ন সক্ষমতা এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। আগামী সপ্তাহে আবারও একনেক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

