ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে পারস্য উপসাগরে ২৮ দিন আটকে থাকার পর অবশেষে যাত্রা শুরু করেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। যুদ্ধবিরতির ঘোষণার পর বুধবার সকাল ৮টায় জাহাজটি গন্তব্যের উদ্দেশে রওনা হয়।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)-এর মালিকানাধীন জাহাজটিতে বর্তমানে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন। জাহাজটি সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে যাত্রা শুরু করেছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, হরমুজ প্রণালির মুখে পৌঁছাতে প্রায় ৪০ ঘণ্টা সময় লাগবে। তবে প্রণালি পার হওয়ার আগে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হবে। আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থার তথ্যে দেখা গেছে, বুধবার দুপুরে জাহাজটি পারস্য উপসাগরে প্রায় ৯.৫ নটিক্যাল মাইল গতিতে অগ্রসর হচ্ছিল।
গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হলে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর আগে ‘বাংলার জয়যাত্রা’ ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে এবং পরে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পণ্য খালাস করে। নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে সেটি স্থগিত করা হয়।
এদিকে ‘নর্ডিক পলক্স’ নামের আরেকটি তেলের ট্যাঙ্কার গত ৩ মার্চ থেকে সৌদি আরবের রাস তানুরা বন্দরে আটকে আছে। জাহাজটিতে প্রায় ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে, যার মূল্য প্রায় ৬০০ কোটি টাকা। বিএসসি জানিয়েছে, এখনো ওই জাহাজের জন্য ছাড়পত্র মেলেনি। আন্তর্জাতিক পরিস্থিতি এবং মার্কিন মালিকানার কারণে এর ছাড়পত্র প্রক্রিয়া কিছুটা জটিল হয়ে উঠেছে।
দীর্ঘ সময় জাহাজ আটকে থাকায় দেশের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

