পহেলা বৈশাখে এক সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও রাজধানীর মাছের বাজারে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ কিন্তু এই আনন্দের সঙ্গে এসেছে ক্রেতাদের মাথাব্যথা। বাঙালির প্রিয় পান্তা-ইলিশ এবার স্বাভাবিকের তুলনায় কেজিপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।
আজ বুধবার (৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী কাঁচা বাজার, শ্যামবাজার ও আফতাবনগরের বাজারে ঘুরে দেখা গেছে, বাজারে ইলিশের সরবরাহ সীমিত এবং দাম অনেকটা বেড়ে গেছে।
বাজারদর অনুযায়ী, ১ কেজি ২০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩২০০ টাকায়। এক সপ্তাহ আগে এ ধরনের ইলিশ বিক্রি হত ২৫০০ থেকে ২৮০০ টাকায়। একইভাবে, ১ কেজি ওজনের ইলিশের দাম এখন ২৬০০ থেকে ২৮০০ টাকা, ৮০০–৯০০ গ্রামের ইলিশ ২৪০০–২৫০০ টাকায়, ৫০০–৬০০ গ্রামের ইলিশ ১৮০০–২০০০ টাকা এবং ৩০০–৪০০ গ্রামের ইলিশ ১৪০০–১৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারের মাছ ব্যবসায়ী শুকুর আলী বলেন, “জেলেরা জালে মাছ কম পাচ্ছে, তাই বাজারে সরবরাহ সীমিত। বৈশাখকে সামনে রেখে চাহিদা বেশি থাকায় দাম বাড়ছে। সাধারণত প্রতি বছরই দাম কিছুটা বৃদ্ধি পায়, কিন্তু এ বছর এক সপ্তাহের মধ্যেই এভাবে বেড়ে গেছে।”
মহাখালী কাঁচা বাজারের ব্যবসায়ী মো. শামীম হোসেন আরও বলেন, “আমাদের বরিশালের বিভিন্ন স্থানে থেকে মাছ আসে। তবে এক সপ্তাহে দাম ২০০–৪০০ টাকা বেড়েছে। পহেলা বৈশাখের দুই-তিন দিন আগে আরও মাছ আনা হতে পারে, তখন দাম সাময়িকভাবে কিছুটা কমতে পারে।”
দাম বৃদ্ধিতে ক্রেতারা দুশ্চিন্তায় রয়েছেন। ধানমন্ডি থেকে কারওয়ান বাজারে ইলিশ কিনতে আসা সেলিনা বেগম বলেন, “প্রতি বছর আমরা বৈশাখের কিছু দিন আগে মাছ কিনি। এবার মাছ কমে গেছে এবং দাম অনেক বেশি। সরকার যেন দেখেন, সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে কি না।”
গোলাপগঞ্জ থেকে আসা রকিফুল ইসলাম বলেন, “৮০০ গ্রামের পাঁচ কেজি ইলিশ কিনেছি ২৪০০ টাকায় কেজি। প্রতি বছরই বৈশাখের আগে মাছ কিনি, তবে এবার দাম বেশি এবং সরবরাহ কম মনে হয়েছে।” বাজারের সরবরাহ কম এবং চাহিদা বেড়ে যাওয়ায় ক্রেতাদের জন্য পান্তা-ইলিশের ঐতিহ্যগত আনন্দ এবার সীমিত হয়ে যেতে পারে।

