বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ৪২ দিনের মধ্যে দেশে কোনো মানুষ গুম বা ক্রসফায়ারের শিকার হননি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে মানবাধিকার বিল ২০২৬ উত্থাপনের সময় মন্ত্রী বলেন, “সরকারের বয়স মাত্র ৪২ দিন। চাইলে আমরা প্রতিহিংসার রাজনীতি করতে পারতাম। কিন্তু গত ৪২ দিনে দেশে একটিমাত্র মানুষও ক্রসফায়ারের শিকার হয়নি, কেউ গুম হয়নি। আমরা মানবাধিকারের পথে হেঁটে যাচ্ছি।” এদিন অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আইনমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে জিয়া পরিবারের মতো মানবাধিকার লঙ্ঘনের শিকার আর কেউ হয়নি। বর্তমান সংসদে যারা বসে আছেন, তাদের মধ্যে অনেকেই বিগত ১৭ বছরে বা তাদের পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। তাই তারা মানবাধিকারের মূল্য ও তাৎপর্য ভালোভাবেই বোঝেন।”
মন্ত্রী জোর দিয়ে বলেন, “বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার ও বিএনপি পরিবার। এ দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য মানবাধিকার লঙ্ঘনের শিকারও তারা। তবুও আমাদের প্রধানমন্ত্রী মানবাধিকারের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মানবাধিকার বিষয়ে কোনো পিছুটান নেই।”

