বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ মে দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই মামলায় প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়েছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি ওই দিন প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন দিন ধার্য করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই অর্থ ফিলিপাইনে পাঠানো হয়। তদন্তকারীরা ধারণা করছেন, দেশের অভ্যন্তরের একটি চক্রের সহায়তায় হ্যাকাররা এই অর্থপাচার ঘটিয়েছে।
ঘটনার পর, ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মামলা দায়ের করেন। তিনি অজ্ঞাতনামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪, তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারা এবং ৩৭৯ ধারায় অভিযোগ তোলেন। বর্তমানে মামলাটির তদন্ত সিআইডি করছে।

