দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে নির্ভুল তথ্যের গুরুত্ব অপরিহার্য—এমন মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেন, প্রতিটি খাতে সঠিক তথ্য নিশ্চিত করা গেলে তথ্যের দ্বৈততা কমবে এবং অপতথ্যের বিস্তারও নিয়ন্ত্রণে আসবে।
আজ সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘ত্রৈমাসিক মোট দেশজ উৎপাদ (কিউজিডিপি) এবং জেলাভিত্তিক মোট দেশজ উৎপাদ (ডিজিডিপি) উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করে বিবিএসের ন্যাশনাল অ্যাকাউন্টিং উইং।
প্রতিমন্ত্রী বলেন, তথ্য-উপাত্তের স্বচ্ছতা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তথ্য উপস্থাপনে কোনো ধরনের কারচুপি বা বিকৃতি বরদাশত করা হবে না। নির্ভরযোগ্য তথ্য তুলে ধরাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, অতীতে জিডিপি তথ্য নিয়ে যে বিতর্ক ও সমালোচনা ছিল, তা থেকে শিক্ষা নিয়ে এখন সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব আরও বেশি গুরুত্ব পেয়েছে। তথ্যের বিশ্বাসযোগ্যতা বজায় রাখা এখন প্রধান অগ্রাধিকার।
বিবিএসের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ফরহাদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিএসের পরিচালক মুহাম্মদ আতিকুল কবীর। সেমিনারে বক্তারা জেলাভিত্তিক জিডিপি (ডিজিডিপি) ও ত্রৈমাসিক জিডিপি (কিউজিডিপি) নির্ধারণের পদ্ধতি উন্নয়ন এবং এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

