সরকার প্রতি বছর ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৭ নভেম্বরকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটি রাষ্ট্রীয় মর্যাদায় উদযাপন করা হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি সাংবাদিকদের কাছে এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বিগত ১৬ বছর ৭ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। এখন থেকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে এবং ওই দিন সরকারি ছুটি থাকবে। অন্যদিকে ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালিত হবে, তবে এ দিন কোনো সরকারি ছুটি থাকবে না।
মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলার বিষয়েও আলোচনা হয়। সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
এ প্রসঙ্গে নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫ নিয়েও আলোচনা হয়। সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

