চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত স্বাধীনতা বইমেলার পর্দা নামছে শনিবার। সমাপনী এই আয়োজনে তুলে দেওয়া হবে ‘স্বাধীনতা পদক-২০২৬’ এবং ‘সাহিত্য সম্মাননা পদক-২০২৬’।
আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম চত্বরে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হবে।
স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আলম নোমানকে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মানিত হচ্ছেন মো. একরামুল করিম। শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যানকে (মরণোত্তর) সম্মাননা দেওয়া হবে। চিকিৎসা ক্ষেত্রে এম এ ফয়েজ এবং সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরীও পদক পাচ্ছেন।
এছাড়া ক্রীড়াক্ষেত্রে সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক আকরাম খান, সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সম্মাননায় ভূষিত হবে। সঙ্গীতে শিল্পী আবদুল মান্নান রানা এবং চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আকতারও পাচ্ছেন স্বাধীনতা স্মারক সম্মাননা।
অন্যদিকে সাহিত্য সম্মাননা পদকের জন্য গীতিকবিতায় ড. আব্দুল্লাহ আল মামুন, শিশু সাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথাসাহিত্যে জাহেদ মোতালেব মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়র ডা. শাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিনের সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নছরুল কদির এবং বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এই বইমেলার সমাপনী দিনে পদক প্রদান ছাড়াও থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

