রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় সফলভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এবার টানা ৩০ ঘণ্টা প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটি। এই সময়ে সরবরাহ করা বিদ্যুতের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৬ লাখ টাকা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এর আগে সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল।
জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে উৎপাদন অব্যাহত রেখে প্রায় ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
প্রকল্পসংশ্লিষ্টদের কাছে এই সাফল্য দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা, প্রযুক্তিগত প্রস্তুতি এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রেও এটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
দ্বিতীয় দফার সরবরাহ সফলভাবে শেষ হওয়ার পর প্রথম ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে পরীক্ষামূলক উৎপাদনের সময় বিভিন্ন পরিচালন সূচক, টারবাইন ও জেনারেটর ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও কর্মক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে। এসব পরীক্ষার ফলাফল পর্যালোচনা করেই পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
তিনি জানান, এই সাফল্য প্রতিষ্ঠানের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ার পরিচালন সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। রূপপুরের প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে এই অর্জন ভবিষ্যৎ পরিচালনার প্রস্তুতিকে আরও এগিয়ে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

