ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুবাহী যানবাহনে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি স্পষ্টভাবে বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং কোথাও এমন অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজ সোমবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আসন্ন ঈদকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
শরীয়তপুরের উন্নয়ন প্রসঙ্গে কথা বলতে গিয়ে শেখ রবিউল আলম বলেন, গত ১৮ বছরে এই অঞ্চলে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তবে বর্তমান সরকার শরীয়তপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। তিনি আরও জানান, শরীয়তপুরের ওপর দিয়ে রেললাইন থাকলেও সেখানে কোনো স্টেশন না থাকাটা দীর্ঘদিনের একটি ঘাটতি। এই সমস্যার সমাধানে রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী অভিযোগ করে বলেন, অতীতে ‘মেগা প্রকল্প’ নাম ব্যবহার করে দেশজুড়ে ব্যাপক অনিয়ম ও অর্থ অপচয় হয়েছে। তার ভাষায়, বিপুল অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত কাজ হয়নি, যার প্রভাব পড়েছে দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার ওপর। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকার সীমিত সময় ও সম্পদের মধ্যেও অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ করছে। তার মতে, আড়াই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে অগ্রগতি আনার চেষ্টা চলছে।

