বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন নুরুন্নাহার নিম্নি। দেশের তৃতীয় নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন তিনি। একই সঙ্গে তিনি বাংলাদেশের অষ্টম এভারেস্টজয়ী হিসেবেও নাম লেখালেন।
আজ ২৭ মে ভোরে নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছান নিম্নি। দীর্ঘ প্রস্তুতি, প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পথ পেরিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। অভিযানে তাঁর সঙ্গে ছিলেন নেপালের এইটকে এক্সপেডিশনের একজন শেরপা।
এর আগে বাংলাদেশের প্রথম নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে চূড়ায় ওঠেন ওয়াসফিয়া নাজরীন। প্রায় ১৪ বছর পর আবার কোনো বাংলাদেশি নারী এভারেস্টের শিখরে পৌঁছালেন।
বাংলাদেশের এভারেস্ট জয়ের ইতিহাস শুরু হয় ২০১০ সালের ২৩ মে। প্রথম বাংলাদেশি হিসেবে সেদিন শিখর স্পর্শ করেন মুসা ইব্রাহীম। এরপর এম এ মুহিত ২০১১ ও ২০১২ সালে দুইবার এভারেস্ট জয় করেন।
একই বছরে সফল হন নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনও। ২০১৩ সালে সজল খালেদ এভারেস্ট জয় করলেও ফেরার পথে প্রাণ হারান। পরে ২০২৪ সালে বাবর আলী এবং ২০২৫ সালে ইকরামুল হাসান শাকিল এভারেস্টের চূড়ায় ওঠেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নি চলতি বছরের ১১ এপ্রিল নেপালে যান। কাঠমান্ডু ও লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। এরপর ১৭ মে চূড়ান্ত অভিযানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
ধাপে ধাপে তিনি পৌঁছে যান ক্যাম্প-৪ এ। তবে প্রথম দফায় শিখরের উদ্দেশ্যে রওনা দিয়েও প্রতিকূল আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়। কয়েকদিন ক্যাম্প-২ এ অবস্থান করে আবহাওয়া অনুকূলে আসার অপেক্ষা করেন তিনি।
শেষ পর্যন্ত ২৫ মে আবার নতুন করে যাত্রা শুরু করেন নিম্নি। গতকাল পৌঁছান ক্যাম্প-৪ এ। সেখান থেকেই সন্ধ্যায় শুরু হয় চূড়ান্ত আরোহণ। টানা প্রচেষ্টার পর আজ ভোরে এভারেস্টের চূড়ায় দাঁড়িয়ে বাংলাদেশের পতাকা উড়ান তিনি।
নুরুন্নাহার নিম্নির এই অর্জন দেশের নারী পর্বতারোহীদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

