পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবার ও বিনোদনের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ঈদের দিনকে কেন্দ্র করে উন্নত খাবারের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
কারা সূত্র জানিয়েছে, ঈদের সকালে বন্দিদের জন্য পরিবেশন করা হবে পায়েশ অথবা সেমাইয়ের সঙ্গে মুড়ি। দুপুরের খাবারে থাকবে বিশেষ মেন্যু। সেখানে পোলাও, গরু কিংবা খাসির মাংস, মুরগির রোস্ট, ডিম, মিষ্টান্ন, কোমল পানীয় এবং পান-সুপারির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া রাতের খাবারে বন্দিদের জন্য থাকবে ভাত, মাছ ও আলুর দম।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত উল ফরহাদ জানিয়েছেন, প্রতি ঈদেই বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এবারও সেই আয়োজন রাখা হয়েছে। তিনি বলেন, ঈদ উপলক্ষে শুধু খাবারের আয়োজনই নয়, বন্দিদের মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরও জানান, কারাগারগুলো নিজস্ব সক্ষমতা অনুযায়ী এসব অনুষ্ঠানের আয়োজন করবে। পাশাপাশি ঈদের দিন বন্দিদের সঙ্গে দেখা করতে আসা স্বজনদের জন্যও বিশেষ ব্যবস্থাপনা রাখা হবে।

