পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া সাভারের চামড়াশিল্প নগরীতে আসতে থাকে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) জানিয়েছে, আজ (শনিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত শিল্পনগরীর ট্যানারিগুলোতে ৫ লাখ ২৭ হাজার ৮৭৫টি কাঁচা চামড়া জমা হয়েছে।
বিসিকের চামড়াশিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান জানান, চামড়া সংগ্রহ ও পরিবহনের পুরো কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
বিসিকের তথ্য অনুযায়ী, ঈদের দিন বিকেল থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত মোট ১ হাজার ৭১৩টি ট্রাকে করে চামড়া শিল্পনগরীতে পৌঁছেছে। ঢাকার পাশাপাশি আশপাশের জেলা এবং তুলনামূলক দূরবর্তী এলাকাগুলো থেকেও চামড়াবাহী যানবাহন সেখানে এসেছে।
সংগৃহীত চামড়ার মধ্যে গরু ও মহিষের চামড়ার সংখ্যাই সবচেয়ে বেশি। শনিবার সন্ধ্যা পর্যন্ত ৫ লাখ ১১ হাজার ৭০০টি গরু ও মহিষের চামড়া শিল্পনগরীতে পৌঁছেছে। একই সময়ে ছাগল ও ভেড়ার চামড়ার সংখ্যা ছিল ১৬ হাজার ১৭৫টি।
গত বৃহস্পতিবার দেশে ঈদুল আজহা উদ্যাপিত হয়। কোরবানির পরপরই মৌসুমি ব্যবসায়ী, মসজিদ-মাদ্রাসার প্রতিনিধিসহ আড়তদার ও ট্যানারি মালিকেরা কাঁচা চামড়া সংগ্রহ শুরু করেন। সংরক্ষণের জন্য এসব চামড়ায় লবণ প্রয়োগ করা হয়। পরে বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করে এগুলো থেকে চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন করা হয়, যার একটি বড় অংশ দেশীয় বাজারের পাশাপাশি রপ্তানিতেও ব্যবহৃত হয়।
এদিকে চলতি মৌসুমে কোরবানির গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম সরকার গত বছরের তুলনায় ২ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছিল। তবে ঈদের দিন রাজধানীর বাজারে সেই নির্ধারিত দামে চামড়া বিক্রি হয়নি। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় প্রতি চামড়ায় ১৫০ থেকে ২০০ টাকা কম দামে লেনদেন হয়েছে। যদিও ঈদের পরদিনের তুলনায় শুক্রবার কাঁচা চামড়ার দাম প্রায় ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।

