বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদনকারীদের জন্য সুখবর দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাস জানিয়েছে, আগামী ১ জুন থেকে সব ধরনের অভিবাসী ভিসার আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করা হবে।
আজ রোববার (৩১ মে) প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। এতে বলা হয়, নতুন এই উদ্যোগের মাধ্যমে অভিবাসী ভিসা আবেদনকারীরা আগের তুলনায় দ্রুত সেবা পাবেন।
দূতাবাসের ঘোষণা অনুযায়ী, ১ জুন থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থার আওতায় সব ধরনের অভিবাসী ভিসা শ্রেণির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।
এ ছাড়া ভিসা-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আবেদনকারীদের ‘ডাইরেক্টরি অব ভিসা ক্যাটাগরিস’-এর ‘ইমিগ্র্যান্ট ভিসা ক্যাটাগরিস’ অংশ পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। এর মাধ্যমে আবেদনকারীরা নিজেদের ভিসা শ্রেণি এবং প্রয়োজনীয় তথ্য সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে পারবেন।
নতুন এ সিদ্ধান্ত অভিবাসী ভিসা প্রত্যাশীদের জন্য আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুততর করবে বলে মনে করা হচ্ছে।

