বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে জয়লাভ করেন।
আজ মঙ্গলবার জাতিসংঘ–এর সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন ৯১ ভোট। সদস্যদেশগুলোর ভোটে জয়ী হয়ে আগামী এক বছর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের এই প্রতিনিধি।
নির্বাচন প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফলাফল ঘোষণার পর বাংলাদেশি প্রতিনিধিদল ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
এই বিজয়ের মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে আসীন হতে যাচ্ছে বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী।
প্রায় চার দশক পর আবারও জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদে বাংলাদেশের প্রতিনিধির নির্বাচিত হওয়া দেশটির কূটনৈতিক অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

