যমুনা সেতু এলাকায় দুর্ঘটনা, অতিরিক্ত যানবাহনের চাপ এবং কয়েকটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শনিবার ভোররাত থেকে শুরু হওয়া এই যানজট টাঙ্গাইলের এলেঙ্গা এলাকা পর্যন্ত বিস্তৃত হয়। এতে দীর্ঘ সময় আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুতে যান চলাচল স্বাভাবিক থাকলেও সড়কে অতিরিক্ত চাপের কারণে যানজট তৈরি হয়েছে। সেতুর ট্রাফিক কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত সেতুতে কোনো যানবাহন আটকে ছিল না।
যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, সেতু এলাকায় দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়া এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে ধীরে ধীরে যানজট কমে আসছে।
ঢাকা থেকে পাবনাগামী বাসচালক নুরুল ইসলাম জানান, টাঙ্গাইল থেকেই যানজট শুরু হয় এবং এলেঙ্গা এলাকায় এসে যানবাহন পুরোপুরি থেমে যায়। তীব্র গরমের কারণে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়েছে।
এদিকে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে পুলিশ। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ বলেছেন, দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

