সরকারের প্রথম ১০০ দিনে দেশে খুন, ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন ধরনের অপরাধ আশঙ্কাজনক হারে ঘটেছে বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির পর্যবেক্ষণে বলা হয়েছে, এ সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক অবস্থায় ছিল।
আজ রবিবার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরা হয়। সেখানে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ” শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ‘অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র’ শীর্ষক পরিসংখ্যানে বলা হয়, মার্চ ও এপ্রিল মাসে দেশে মোট ৬০৫টি খুনের ঘটনা ঘটেছে। একই সময়ে ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
এছাড়া পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি। চুরির ঘটনা দাঁড়িয়েছে ২ হাজার ২১৪টিতে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা উল্লেখ করা হয়েছে ৩ হাজার ৪৯৬টি। প্রতিবেদনে আরও জানানো হয়, আলোচ্য সময়ে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন। গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন। পাশাপাশি ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জনের মধ্যে রয়েছে।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারের প্রথম ১০০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল না। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধ ও অরাজকতার ঘটনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

