স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাসের এজাজ বিজয়। তিনি ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংককে জানিয়েছেন যে, তিনি আর এই পদে থাকতে ইচ্ছুক নন।
সোমবার (৮ জুন) ব্যাংকটির করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিভাগের প্রধান বিটোপী দাশ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “নাসের এজাজ বিজয় পদত্যাগ করেছেন। এখন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে একজন অন্তর্বর্তীকালীন সিইও নিয়োগ দেওয়া হবে।”
বিটোপী দাশ আরো জানান, বিষয়টি বাংলাদেশ ব্যাংককে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। তবে এখনো এটি গৃহীত হয়নি। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন না পাওয়া পর্যন্ত প্রক্রিয়াটি চলমান থাকবে। অনুমোদন পেলে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন।
নিজের সিদ্ধান্তের বিষয়ে নাসের এজাজ বিজয় বলেন, “আমি সিইও পদ থেকে সরে দাঁড়াচ্ছি, তবে ব্যাংকের একজন কর্মী হিসেবে কাজ চালিয়ে যাব।”
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে আসায় ব্যাংকের ব্যবসার গতিও কমেছে। এই পরিস্থিতিতে নতুন ব্যবসায়িক কৌশলের প্রয়োজন রয়েছে।
তিনি আরও জানান, আগামী নভেম্বর মাসে তার বর্তমান মেয়াদ শেষ হবে এবং তিনি তা নবায়ন করতে চান না। তাই নতুন কৌশল বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী সিইওর হাতে যাওয়াই উপযুক্ত হবে বলে তিনি মনে করেন।
নাসের এজাজ বিজয় ২০১৭ সালের নভেম্বর থেকে টানা সাত বছরের বেশি সময় ধরে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্যাংকটির গ্লোবাল ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন।
৩৩ বছরেরও বেশি সময় ধরে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে যুক্ত আছেন। এই দীর্ঘ কর্মজীবনে তিনি এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে করপোরেট ব্যাংকিং, রিস্ক এবং অডিট বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তার নেতৃত্বে ২০২৪ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ৩,৩০০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করে, যা ব্যাংকটির ইতিহাসে এবং বাংলাদেশের ব্যাংকিং খাতে অন্যতম সর্বোচ্চ বার্ষিক লাভ হিসেবে বিবেচিত হচ্ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

