অধস্তন আদালতের সার্বিক তদারকি এবং মামলার অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়ে বিশেষ মতবিনিময় সভায় বসছেন দেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
গত বৃহস্পতিবার (১১ জুন, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখা থেকে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আল-ইমরান খান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তির স্মারক নম্বর ১ই-৪০৭/১৫-৪৬৭০।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার দুপুর ১টা ৪০ মিনিটে এই সভা অনুষ্ঠিত হবে। আদালতের মধ্যাহ্ন বিরতির সময় সুপ্রিম কোর্টের মূল ভবনের কনফারেন্স রুমে এ বৈঠক হবে। এর আগে গত ২ মে প্রধান বিচারপতি দেশের আট বিভাগের অধস্তন আদালত তদারকির জন্য মনিটরিং কমিটি পুনর্গঠন করেন। এ সংক্রান্ত তথ্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আট বিভাগের জন্য পৃথক ১৩টি কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে সংশ্লিষ্ট জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে কমিটির সাচিবিক সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী বিভাগভিত্তিক দায়িত্বপ্রাপ্ত বিচারপতিদের তালিকা হলো—
- বরিশাল বিভাগে দায়িত্ব পেয়েছেন বিচারপতি শেখ মো. জাকির হোসেন।
- রাজশাহী-১ বিভাগে (রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর) বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর।
- রাজশাহী-২ বিভাগে (বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ) বিচারপতি মো. হাবিবুল গনি।
- ঢাকা-১ বিভাগে (ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল) বিচারপতি জেবিএম হাসান।
- ঢাকা-২ বিভাগে (কিশোরগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর) বিচারপতি ফাতেমা নজীব।
- খুলনা-১ বিভাগে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল) বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া।
- খুলনা-২ বিভাগে (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) বিচারপতি মো. জাফর আহমেদ।
- ময়মনসিংহ বিভাগে (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা) বিচারপতি রাজিক আল জলিল।
- চট্টগ্রাম-১ বিভাগে (চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) বিচারপতি এস এম কুদ্দুস জামান।
- চট্টগ্রাম-২ বিভাগে (নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) বিচারপতি আহমেদ সোহেল।
- রংপুর-১ বিভাগে (রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার।
- রংপুর-২ বিভাগে (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী) বিচারপতি কে এম হাফিজুল আলম।
- সিলেট বিভাগে (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ) বিচারপতি মো. আতাবুল্লাহ দায়িত্ব পালন করছেন।

