দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দফতরে বর্তমানে শূন্য পদ রয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এসব পদ পূরণে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
আজ রবিবার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের হালনাগাদ তথ্য অনুযায়ী এই শূন্য পদগুলো চিহ্নিত করা হয়েছে। এর ভিত্তিতে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০।
শ্রেণিভিত্তিক তথ্যে দেখা যায়, প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য পদ রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি। দশম থেকে দ্বাদশ শ্রেণিতে শূন্য পদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি। সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে তৃতীয় ধাপে, যা ১৩তম থেকে ১৬তম শ্রেণি পর্যন্ত—এর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি। চতুর্থ শ্রেণি বা ১৭তম থেকে ২০তম শ্রেণিতে শূন্য পদ ১ লাখ ১৫ হাজার ২৩৫টি। এছাড়া অনারারি, নির্ধারিত বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক অন্যান্য ক্যাটাগরিতে শূন্য রয়েছে আরও ৮ হাজার ৯৩৬টি পদ।
প্রতিমন্ত্রী আরও বলেন, এই বিপুল সংখ্যক শূন্য পদ পূরণের জন্য সরকার ইতোমধ্যে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি শূন্য পদে নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এক বছরের মধ্যে আরও ৪ হাজার ৪৫৯টি পদে নিয়োগ এবং পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ৩ হাজার ১১০টি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার কথা রয়েছে।
তিনি বলেন, স্বচ্ছতা ও দ্রুততার মাধ্যমে প্রায় পাঁচ লাখ সরকারি পদে নিয়োগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। এ জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের শূন্য পদের সর্বশেষ তথ্য ও নিয়োগ সংক্রান্ত অগ্রগতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

