বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।
এ সময় আসামিপক্ষের আইনজীবী রাজু হাওলাদার পলাশ তার জামিন আবেদন করেন। তবে ঢাকার সিএমএম আদালতের ২৩ নম্বর আদালতের বিচারক কামাল উদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে ফজলে রাব্বীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, দলীয় কোনো পদ-পদবি না থাকলেও ফজলে রাব্বী বানারীপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক—এই দুটি পদের যেকোনো একটির প্রত্যাশী ছিলেন।
এদিকে দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফজলে রাব্বীকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
রাহাদ সুমন, বরিশাল প্রতিবেদক

