জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। নতুন অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে। এটি দেশের ৫৫তম বাজেট এবং চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রথম বাজেট।
গত ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট উপস্থাপন করেন। এরপর তিন সপ্তাহ ধরে বাজেটের ওপর আলোচনা, সমালোচনা ও পর্যালোচনার পর মঙ্গলবার এটি পাস হয়। এর আগে অর্থবিলে ৬৮টি সংশোধনী আনা হয়।
বাজেট পাসের আগে সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের মতামত ও সুপারিশের ভিত্তিতে বাজেটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, স্বতন্ত্র ও বিরোধী দলের সদস্যরা বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।
পাস হওয়া অর্থবিলে করমুক্ত আয়সীমা চার লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জমি ও ফ্ল্যাট নিবন্ধন সংক্রান্ত প্রস্তাবিত বিতর্কিত বিধানও প্রত্যাহার করা হয়েছে।
নতুন বাজেটের আকার গত অর্থবছরের ৮ লাখ ৯০ হাজার কোটি টাকার তুলনায় ৪৮ হাজার কোটি টাকা বেশি। এতে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদায় করবে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।
এবারের বাজেটে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি ধরা হয়েছে, যা জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। সরকার মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে।

