বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে কাজী জেসিনকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত প্রজ্ঞাপনে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেন। এতে জানানো হয়, ‘বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১’-এর ধারা ১১(১) অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কাজী জেসিনকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। এই শর্ত পূরণ সাপেক্ষে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি গ্রেড-১ মর্যাদায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত ও দায়িত্ব পালনের বিষয়গুলো পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশনের সামনে বর্তমানে অনুষ্ঠান মানোন্নয়ন, প্রযুক্তিগত আধুনিকায়ন এবং দর্শকসম্পৃক্ততা বাড়ানোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। নতুন মহাপরিচালকের নেতৃত্বে এসব ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আসে, সেদিকেই এখন সংশ্লিষ্ট মহলের নজর থাকবে।

