সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরীর পারিবারিক দ্বন্দ্ব নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ একজন আইনজীবী। বিরোধ মিটিয়ে ফেলার আহ্বান জানিয়ে সংসদ সদস্যকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছেন তিনি।
গত মঙ্গলবার প্রকাশিত এই চিঠিতে আইনজীবী উল্লেখ করেন, বিষয়টি প্রথমদিকে একেবারেই পারিবারিক পর্যায়ে সীমাবদ্ধ থাকলেও এখন তা আর সেই গণ্ডিতে নেই। দেশজুড়ে মানুষের মুখে মুখে আলোচিত একটি ঘটনায় পরিণত হয়েছে এটি।

চিঠিতে তিনি সরাসরি সংসদ সদস্যকে সম্বোধন করে লেখেন, এই মুহূর্তে হয়তো তার এমন মানসিক বা শারীরিক অবস্থা নেই যে তিনি নিজে থেকে কোনো পদক্ষেপ নেবেন, তবে আশা করা যায় তার কাছের মানুষজন বিষয়টি তাকে জানাবেন।
নিজে একই এলাকার বাসিন্দা উল্লেখ করে আইনজীবী লেখেন, যেখানেই যান, মানুষ তার কাছে এই বিষয়ে জানতে চায়। এটিকে তিনি নিজেদের জন্য এক ধরনের সম্মিলিত বিব্রতকর পরিস্থিতি বলে অভিহিত করেন।
চিঠিতে তিনি আরও লেখেন, এই বয়সে এসে এ ধরনের ঘটনার মুখোমুখি হওয়ার কথা ছিল না তার। একজন জনপ্রতিনিধি হিসেবে তাকে ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতিতে নিজেদেরও উদ্বিগ্ন ও লজ্জিত বলে জানান তিনি।
অতীতে বহু মানুষের সমস্যার সমাধানে ভূমিকা রাখা এই সংসদ সদস্য নিজেই এখন আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেন আইনজীবী। পরিস্থিতি আর না বাড়িয়ে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের অনুরোধ জানিয়ে তিনি লেখেন, পারিবারিক সমস্যা পরিবারের মধ্যেই মিটিয়ে ফেলাই সবচেয়ে ভালো হবে। চিঠির শেষাংশে নিজেকে সংসদ সদস্যের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে উল্লেখ করেন এই আইনজীবী।
সূত্র: যুগান্তর

