দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুইজন মহাপরিচালক ও একজন পরিচালক পদমর্যাদার কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। গত মঙ্গলবার দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের একজন পরিচালকের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মানিলন্ডারিং বিভাগ থেকে সরিয়ে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে বিশেষ তদন্ত বিভাগের মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে নিজের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিলন্ডারিং বিভাগের কার্যভারও দেওয়া হয়েছে।
এ ছাড়া অর্থ ও হিসাব বিভাগের পরিচালক দাউদ হোসেন চৌধুরীকে সরিয়ে দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের দায়িত্বে বদলি করা হয়েছে।
দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের একই আদেশে তিন কর্মকর্তার এই দায়িত্ব পরিবর্তনের বিষয়টি জানানো হয়। জনস্বার্থে আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

