রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের আরও কয়েকটি বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। ফলে এ সময়ে নদীবন্দরগুলোতে কোনো সংকেত দেখাতে হবে না।
তবে সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

