বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এর প্রভাব বাংলাদেশেও পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এবং সংকট সমাধানে কাজ করে যাচ্ছে।
শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ ও মন্দিরের প্রতিনিধিদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, দেশে গ্যাসের সরবরাহ বাড়াতে ১৩০টি গ্যাসকূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সমস্যাগুলো সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, তেল ও বিদ্যুতের পাশাপাশি গ্যাস নিয়েও কিছু অসাধু ব্যক্তি অবৈধ কর্মকাণ্ডে জড়িত। রাষ্ট্রীয় সম্পদ যাতে কেউ অবৈধভাবে নিজের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি বলেন, অতীতে রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিস্বার্থে ব্যবহারের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন এ ধরনের সুযোগ কেউ না পায়, সরকার সে বিষয়টি নিশ্চিত করতে কাজ করছে। দেশের উন্নয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে চলতি বছরেই ৪১ লাখ পরিবারকে পরিবার কার্ড দেওয়ার কথা জানান তিনি।
এদিন ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদের জন্য প্রতিটিকে ২ লাখ ৪৭ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এসব অনুদান দেওয়া হয়েছে।

