অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার অভিযোগ, আসিফ নজরুল সরকারের ভেতরে নানা জটিলতা তৈরি করেছেন এবং নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেননি।
সম্প্রতি একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আসিফ নজরুলকে সরাসরি ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী বলে আক্রমণ করেন, যদিও তিনি একই সঙ্গে যুক্ত করেন যে শিক্ষক হিসেবে তিনি তাকে সম্মান করেন। তার দাবি, সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার বিষয়ে আসিফ নজরুল তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রাখেননি। এই কারণেই তিনি আসিফ নজরুলের প্রতি তার অসন্তোষের কথা প্রকাশ্যে জানান।
এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, সরকার গঠনের সময় আসিফ নজরুল বিভিন্ন বিষয়ে গোপনে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। তার দাবি অনুযায়ী, ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে বিএনপির একজন শীর্ষ নেতার সঙ্গে আলোচনার সময় আসিফ নজরুল বিভিন্ন পরিবর্তন আনার চেষ্টা করেছিলেন।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় আসিফ নজরুল একাধিক গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত ছিলেন। সেনানিবাসে যাওয়ার সময় তিনি নিজেকে ছাত্রদের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ করেন পাটওয়ারী। তবে বঙ্গভবনে যাওয়ার সময় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, বাইরে বসিয়ে রাখা হয়েছিল—এমন দাবি করে তিনি বলেন, সেদিন তিনি ভেতরে প্রবেশ করলে সরকার গঠনের প্রক্রিয়াই ভেস্তে যেত।
বক্তব্যের একপর্যায়ে অন্তর্বর্তী সরকারের সময়ে আসিফ নজরুলের গবাদি পশু পালনের প্রসঙ্গ তুলে সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি প্রশ্ন তোলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকা অবস্থায় কারও ছাগল বা গরু পালনে যাওয়ার প্রয়োজন কেন হবে।

