দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেলেও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে চলমান তাপপ্রবাহ কিছুটা কমে আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায়ও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
আগামী পাঁচ দিনে তাপমাত্রায় সামান্য ওঠানামা হতে পারে। প্রথম দিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চতুর্থ দিন দিনের তাপমাত্রা প্রায় একই থাকলেও রাতে কিছুটা কমতে পারে। পঞ্চম দিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে খুলনার কয়রায় ৩৬ দশমিক ২ এবং ঢাকা, রংপুর ও ফরিদপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
আবহাওয়া অধিদপ্তরের নির্ধারিত হিসাবে, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।
এদিকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর তুলনামূলক কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

