ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যায় গ্রেপ্তার আসামিদের ফেরত দেওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, এ নিয়ে ইস্যু আছে এবং তা লুকানোর কোনো যৌক্তিকতা নেই। তাঁর মতে, সব ইস্যুরই সমাধান আছে।
শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স’ শীর্ষক এক অধিবেশনে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, এটি এমন একটি ফোরাম, যেখানে দুই দেশ আলোচনা করে সমস্যার সমাধান করে। গণতন্ত্রে অনেক ইস্যু থাকে এবং সেগুলো নিয়ে আলোচনার জন্য যথাযথ ফোরাম আছে। সেখানে আলোচনা চলমান রাখতে হবে।
তিনি বলেন, আলোচনার জন্য একটি উপযুক্ত পরিবেশ প্রয়োজন, যেমনটি বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন। ভারতীয় হাইকমিশনার আরও বলেন, উভয় দেশ আলোচনা করবে এবং সব ইস্যু এক আলোচনার টেবিলে আনবে, এ বিষয়ে তাঁর কোনো সন্দেহ নেই।
তিনি আরও বলেন, ইস্যু শুধু একটি নয়। পানি, বাণিজ্য, ক্রিকেট, খেলাধুলা, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়েও আলোচনা প্রয়োজন। এসব নিয়ে বসতে হবে।
দীনেশ ত্রিবেদীর ভাষ্য, গণতন্ত্রে এ ধরনের প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে চলে। তবে তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, প্রক্রিয়া কখনো থামবে না, তা চলমান আছে। একটি সমাধান বের করতে হবে এবং সমাধান অবশ্যই আসবে।

